দুই কোটি নারী উদ্যোক্তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৩১

জাতীয় মহিলা সংস্থায় আয়োজিত বৈশাখী মেলায় বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

দেশের দুই কোটি নারী উদ্যোক্তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। সমাজের দুস্থ ও বেকার নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সফল। উদ্যোক্তা এসব নারী আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করছে।

গতকাল বুধবার নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ‘বৈশাখী মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্র্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, নেটওয়ার্কিং এর মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা যেন দক্ষতার সঙ্গে পণ্য বিপণন করতে পারে মন্ত্রণালয়ের সে লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য দিয়ে সাজানো হয়েছে এই মেলা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা বেগম ও প্রকল্প পরিচালক নুরুন নাহার হেনা।

উদ্বোধন শেষে সচিব মেলা ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। মেলায় নারী উদ্যোক্তাদের ৩৫টি স্টল রয়েছে। এসব স্টলে শাড়ি, থ্রিপিস, গৃহসজ্জার সামগ্রী, বিছানার চাদর, কুশন কাভার, নকশিকাঁথা, মাটির তৈজসপত্র, নানা ধরনের হস্তশিল্পসহ খাদ্য সামগ্রী রয়েছে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।