আসামিকে মোবাইল ফোন সরবরাহ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৩২

 

চার কারারক্ষী বরখাস্ত

ইত্তেফাক রিপোর্ট

কারাবন্দি আসামিদের মোবাইল ফোন সরবরাহ করায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া চার কারারক্ষী হলেন—শাহিন মিয়া, আবদুল আজিজ, সাইফুল ইসলাম ও জনিরুল ইসলাম। বুধবার সকালে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে চিকিত্সাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামিদের মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা করে দিয়েছিলেন তারা। বরখাস্ত হওয়া চার কারারক্ষী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং পঙ্গু হাসপাতালে আসামিদের সঙ্গে দায়িত্বরত ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম সাংবাদিকদের জানান, ঘটনাটি তিনদিন আগে ঘটেছিল। তারা তিনটি হাসপাতালে দায়িত্ব পালন করার সময় আসামিদের মোবাইলে কথা বলিয়ে দেন। দায়িত্বরত অবস্থায় তাদের সবার কাছে মোবাইল পাওয়া যায়। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।