আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি সদ্য সরকার গঠন করা দলকে ক্ষমতা থেকে নামানোর জন্যই বিডিআর বিদ্রোহ করা হয়েছিল।
এতে কারা লাভবান হয়েছে?’ গতকাল মঙ্গলবার মির্জা ফখরুলের দেয়া বক্তব্যে এমন প্রশ্নের প্রেক্ষিতে ড. হাছান মাহমুদ বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ নয়, এই ঘটনায় যদি কারো লাভ হয়ে থাকে সেটি বিএনপি ও খালেদা জিয়ার হয়েছে।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
'বিডিআর বিদ্রোহের রায়ের আরো তদন্ত হওয়া প্রয়োজন' গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ড. হাছান বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের বিচার হয়েছে। এখন তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া প্রয়োজন।
বিএনপির সম্পৃক্ততার ঘটনা তদন্তের জন্য কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তিনি বেলা ১২ টার আগে ঘুম থেকে ওঠেন না। অথচ সেদিন তিনি সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে সকাল ৭ টার মধ্যে ক্যান্টনমেন্টের বাসা থেকে কেন বের হয়েছিলেন?
সেদিন খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাসায় রাত্রিযাপন করলেন না? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সেদিন তারেক জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বহুবার কথা হয়েছিল যা স্বাভাবিক ছিল না। কি কথা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, বিশ্বের ১৭৭টি দেশের সৎ রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তৃতীয়। এটি দেশ ও জাতির জন্য গৌরবের। অপরদিকে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া এনবিআরকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। এতেই প্রমাণিত হয়, তার যে ব্ল্যাক মানি ছিল তা দালিলিকভাবে স্বীকার করেছেন। খালেদা জিয়া ক্ষমতায় থাকা কালে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ান হয়েছিলো। দেশকে দুর্নীতির মহাসাগরে রুপান্তর করেছিলেন খালেদা জিয়া। বাসস
ইত্তেফাক/কেকে
