বরিশাল রেঞ্জে যোগদানের সাড়ে তিন মাসেই মাদক নির্মূলে ২৬০ মাদকসেবী-ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন ডিআইজি মো. সফিকুল ইসলাম। গত মাসে ভোলায় ৫৫ এবং মঙ্গলবার পটুয়াখালীতে ৭৭জন মাদকব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়।
এ দু’জেলার সফলতার পর বুধবার বরিশালের ১০ উপজেলার ১২৮জন মাদকসেবী ও ব্যবসায়ীকে ‘মাদককে না বলুন’ এই প্রত্যয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি। তিন জেলার এ ২৬০জনকে যোগ্যতা ও কর্মদক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
দুপুরে পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও মাদক বিরোধী আলোচনা সভা ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ডিআইজি মো. শফিকুল ইসলাম উপস্থিত থেকে শপথ পাঠ করান মাদকসেবী ও ব্যবসায়ীদের।
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা হাফিজুর রহমান ইকবাল, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
