আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যারা খাদ্যে ভেজাল দেয় তারা ঘাতক। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পবিত্র রমজানে অধিক মুনাফার লোভে নিত্যপণ্যের দাম না বাড়াতে এবং খাদ্যে ভেজাল না মেশাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত তিন বছর সাত মাসে সারা দেশে খাদ্যে ভেজাল বিরোধী চার হাজার ৫০৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের মৌলিক অধিকারের প্রথম বিষয়টি খাদ্য। তাই আমাদের দরকার নিরাপদ খাদ্য। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে হুইপ আতিউর রহমান আতিক, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ, সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
