সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৫০

 

বগুড়া-২ আসনে নৌকা মার্কা প্রতীকের

প্রার্থীর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী দেওয়ার দাবিতে শনিবার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নৌকা মার্কার সমর্থকরা। মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে। পরে এক বিক্ষোভ মিছিল বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, নৌকা মার্কা সমর্থক গোষ্ঠির সভাপতি আব্দুল লতিফ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজ, আঃ হালিম সেলিম, দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাঁতন চাকী, রায়নগর ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শাজাহান কাজী, স্থানীয় আ’লীগের সাঃ সম্পাদক রাজা চৌধুরী, ছাত্রলীগ আহ্বায়ক মারুফ মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, বগুড়া-২ আসনে বিগত ৮ম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া হয়। সে সময় মুক্তিযোদ্ধা আকরাম হোসেনকে দু’বার নৌকা মার্কার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেওয়া হলে তা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যাহার করা হয়। এবারের নির্বাচনে মহাজোটের শরিকদের আসনটি ছাড় না দিয়ে নৌকা মার্কার প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে

বাদলকে চান তৃণমূলের নেতারা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকার জয় ধরে রাখতে বঙ্গবন্ধুর সহচর আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমানের সুযোগ্য পুত্র নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের মনোনয়ন চান তৃণমূলের নেতারা।  তাদের দাবি এ আসনে নৌকার জয় নিশ্চিত করতে তৃণমূলে গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। এই বিচারে ফয়জুর রহমান বাদলের ওপরই আস্থা রাখছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার সর্বস্তরের মানুষ। এলাকার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত মানুষ হিসেবে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরুটলারেন্স থাকায় সবার মাঝে সুনাম অর্জন করে ভোটের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। তাই এবারও অধিকাংশ মানুষের আস্থাভাজন ফয়জুর রহমান বাদলকে নৌকার কাণ্ডারি হিসেবে দেখতে চান। এলাকার অধিকাংশ জনগণের কথা এলাকার উন্নয়নের রূপকার ফয়জুর রহমান বাদল ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন যা জনগণের কাছে এখন স্বপ্ন নয় বাস্তব দৃশ্যমান। আগামী মেয়াদে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। এ প্রসঙ্গে ফয়জুর রহমান বাদল বলেন, আমার পিতা জাতির জনকের সহচর হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হয়ে জেলে ছিলেন। আওয়ামী পরিবারের সদস্য হিসেবে একাত্তর আমার প্রেরণার উত্স। মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনকের আদর্শকে বুকে লালন করে রাজনীতি করি, রাজনীতি করি সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে। এলাকার জনগণই আমার রাজনীতির শক্তি। তাই মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্ববাসীর সামনে দ্বিধাহীনভাবে তুলে ধরতে চাই।

আদমদীঘিতে মাইক্রোসহ

৯ নেশাখোর গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে বগুড়া-নওগাঁ মহসড়কের আদমদীঘির বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মাইক্রোবাস আটকসহ ৯ নেশাখোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার পশ্চিম চাঁদপুর এলাকার আহম্মেদ হোসেনের ছেলে মতিয়ার, তমিজ উদ্দীনের ছেলে রবিউল, ছিলিমপুরের ফরহাদের ছেলে আমিনুর,  ভগবানপুরের আলতাফ হোসেনের ছেলে মোশারফ, গাড়য়া গ্রামের সামাদের ছেলে ছানোয়ার, ধামুর হাট এলাকার ছাদেকুরের ছেলে মাহফুজুর,  মুসা,  তাহের উদ্দীনের ছেলে রহিম ও গিয়াস উদ্দীনের ছেলে এফাজুল।

লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের

দলীয় প্রার্থীর দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জোটের নয়, আওয়ামী লীগের দলীয় প্রার্থী চান নেতা-কর্মীরা। এ জন্য তারা বিক্ষোভ-সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনে নেমেছেন। গত দুই দিন ধরে এ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। এজন্য শনিবার বিকালে কমলগরের হাজিরহাটে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটওয়ারী হাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, সিনিয়র সহ-সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও তোরাবগঞ্জ ইউপি চেয়াম্যান ফয়সল আহম্মদ রতন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও চরমার্টিন ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরন, ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন মাইন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এর আগে একই দাবিতে শুক্রবার রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সংসদীয় এলাকার আওয়ামী লীগের দায়িত্বশীল সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রতি লক্ষ্মীপুর -৪ আসনে জোটগত কারণে বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নানকে (কুলা) মনোনয়ন দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েন। তারা বলছেন, এখানে বিকল্প ধারার কমিটি, এমনকি অস্তিত্ব পর্যন্ত নেই। এর আগেও নির্বাচনে অংশ নিয়ে মেজর (অবঃ) আবদুল মান্নানের ভরাডুবি হয়।

ঢাকার উপকণ্ঠের দুই আসনের একটিতে

নৌকার মনোনয়ন চান শেখ এমদাদ

ইত্তেফাক রিপোর্ট ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) অথবা ঢাকা-১৯ এই ২ আসনের যে কোন একটিতে নৌকা প্রতীকে মনোনয়ন চান জাপান আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ এমদাদ। শেখ এমদাদ দোহার-নবাবগঞ্জ, সাভার এলাকায় ব্যাপক গণসংযোগ করে আসছেন দীর্ঘদিন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা সংস্কার কাজে ব্যাপক অবদান রেখেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কাজে তার অবদান রেখে চলেছেন। সংস্কৃতিমনা, ক্রীড়ানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক হিসেবে ইতোমধ্যেই ব্যাপক সমাদৃত হয়েছেন। বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার কর্ণধার ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা শেখ এমদাদ ঢাকা অঞ্চলকে আর্সেনিকের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জাপানি একটি পানি বিশেষজ্ঞ দল নিয়ে আসেন। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সিডর ও আইলাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি ও সুন্দর সমাজ গঠনে পাঁচ শতাধিক স্কুল শিক্ষক ও প্রতিনিধিদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন। ছাত্রলীগের নেতা হিসাবে রাজনীতিতে তার হাতেখড়ি। তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। বড় দুই ভাই মুক্তিযোদ্ধা। তিনি জাপানে বাংলাদেশকে ব্যাপকভাবে তুলে ধরার জন্য ২০০৬ সালে ‘জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। জাপানে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আদর্শ দীর্ঘদিন যাবত প্রচার করে চলেছেন। শেখ এমদাদ জানান, দোহার-নবাবগঞ্জের তৃণমূল নেতা-কর্মীরা ও সাধারণ জনগণ তার মনোনয়নের পক্ষে। জনপ্রিয়তার কারণে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন। মনোনয়ন পেলে তিনি ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী।

রংপুরে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এন্ড বিজনেস

প্রসেস ইমপ্রুভমেন্ট ইউজিং আইটি শীর্ষক  কর্মশালা

রংপুর অফিস রংপুরে ইউজার পাস ওয়ার্ড শেয়ার না করে সিবিএস অপারেশন এবং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এন্ড বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট ইউজিং আইটি শীর্ষক কর্মশালা শনিবার নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক রংপুর জেনারেল ম্যানেজারস অফিসের আয়োজনে কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চিফ ইনফর্মেশন অফিসার ও আইটি বিশেষজ্ঞ ওমর ফারুক খন্দকার। কর্মশালার সভাপতি জিএম অফিস রংপুরের জেনারেল ম্যানেজার এনামুল হক আলোচিত আইটি এবং সাইবার সিকিউরিটি বিষয়ে নির্দেশনা  যথাযথভাবে অনুসরণের জন্য সকল অংশগ্রহণকারীকে পরামর্শ প্রদান করেন। কর্মশালায় রংপুর বিভাগের আওতাধীন ৬টি অঞ্চলের অঞ্চল প্রধানসহ  ১১৪টি শাখার শাখা প্রধান ও আইটি ইনচার্জ উপস্থিত ছিলেন।

সাঘাটায় সুষুম নির্বাচনের লক্ষ্যে নাগরিক সংলাপ

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষুম, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক সুজন সাঘাটা উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সুজনের উপজেলা সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজনের রংপুর অঞ্চলের সমন্ব্বয়কারী রাজেস দে, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মদক, মোস্তফা সরদার মুক্তিযোদ্ধা উপজেলা ডেপুটি কমান্ডার আজাহার আলী, বিআরডিবি’র চেয়ারম্যান ছামসুল হক প্রধান, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, প্রভাষক আবুল হাসনাত সমীর, সাংবাদিক আজহারুল ইসলাম, নুর হোসেন রেইন প্রমুখ। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষুম, অবাধ, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণমূলক নিশ্চিত করতে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন।

রৌমারীতে স্কাউটস্ অনলাইন স্কাউট ডাটাবেজ

ও পোর্টাল ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ স্কাউটস্ অনলাইন স্কাউট ডাটাবেজ ও পোর্টাল ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শনিবার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোঃ শহীদ সরোয়ার্দী। বাংলাদেশ স্কাউটস্ এলটি (টিম লিডার) খন্দকার খাইরুল আনম, প্রশিক্ষক সাইফুল ইসলাম, স্কাউটস্ রৌমারী উপজেলার কমিশনার মোঃ মোয়াক্ষের আলম সোনা, সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।

সোনাতলায় লাগসই প্রযুক্তির সেমিনার

ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় দুই দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর প্রথম দিন শনিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুল ইসলাম সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দীন সরদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উম্মে শারমিন আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ সাফকাত মাহমুদ ও আফরিনা শারমিন প্রমুখ। রোববার বিকেল পর্যন্ত প্রদর্শনী চলবে।

কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার হত্যার সুষ্ঠু বিচারের

দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কুষ্টিয়া সদর সাব-রেজিস্টার নুর মোহাম্মদ শাহকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার সকালে সংবাদ সম্মেলন করে তার পরিবার। উপজেলার ডাংরার হাটে তার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন চাচা শাহ মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান, কেন্দ্রীয় সাব-রেজিস্টার এসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক কাইসার আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ৮ অক্টোবর কুষ্টিয়া শহরের বাবর আলী রোডের ভাড়া বাসায় হাত-পা বাঁধা অবস্থায় নুর মোহাম্মদ শাহের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বামনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বামনা (বরগুনা) সংবাদদাতা বরগুনার বামনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল শনিবার হানাদারমুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এসে শেষ হয়। পরে সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিউলী  হরির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোফায়েল আহম্মেদ, নুরুল ইসলাম, সুবেদার আ. মোতালেব, মুক্তিযোদ্ধার সন্তান ও বিআরডিবি সভাপতি সালমা হক, ইনকিলাব সংবাদদাতা মোঃ জাকির হোসাইন, সাংবাদিক মনোতোষ হাওলাদার প্রমুখ।

তিতাসে মাদক ইভটিজিং প্রতিরোধ

শীর্ষক আলোচনা সভা

নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে মাদক ও ইভটিজিং প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) এর উদ্যোগে শনিবার উপজেলার জিয়িয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ মাঠে তা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিজয়ী ১৫জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বই পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) এর সভাপতি ইঞ্জি. আঃ রহমান শাকিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তার। প্রধান বক্তা ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জিনিয়ার ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজিরুল ইসলাম মামুন, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক। এতে বক্তব্য রাখেন, সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সহ- দপ্তর সম্পাদক ফরহাদ খান ও সহ-প্রচার সম্পাদক শাকিব খান শুভ। এসময় আরো উপস্থিত ছিলেন, জিয়িয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক ওরম আলী, তপন চন্দ্র সূত্রধর, মাজারুল ইসলাম, সালাউদ্দিন বাবু, ওমর ফারুক সরকার, সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (এসফা) ইভা আক্তার, মনি আক্তার, ফারজানা আক্তার প্রমুখ।

কলমাকান্দায় ইউএনও’র ওয়ার্ল্ড

ভিশন কার্যালয় পরিদর্শন

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন গতকাল  শনিবার কলমাকান্দায় কর্মরত বেসরকারি আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কলমাকান্দা এডিপি ও এপির কার্যক্রম পরিদর্শন করেন। কর্ম এলাকায় ওয়ার্ল্ড ভিশনের সার্বিক কর্মকাণ্ড উপস্থাপন করেন নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা। পরিদর্শন শেষে নাজিরপুর ও কলমাকান্দা এপি’র সার্বিক কর্মকাণ্ডে ইউএনও সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আল মামুন, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, সাংবাদিক জাফর উল্লাহসহ সংস্থার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে ইউজিন রদ্রিক, শান্তি দেবনাথ, বিপ­ব রিছিল, উজ্জ্বল চিছাম, সমল মানকিন ও হিরক তিমথী সাংমা উপস্থিত ছিলেন।

স্কিলস কম্পিটিশনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়া

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’ এর আঞ্চলিক পর্ব শনিবার অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিটু মিলনায়তন চত্বরে এর আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক সহায়তায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)’ এর উদ্যোগে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শাহাদত্ হোসেন।

ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে ‘লিগ্যাল এইড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা শনিবার জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফরিদপুরে জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদ, ফরিদপুর বার এর সম্পাদক আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও এনজিও কর্মীগণ অংশ নেন।

রংপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক

কাজের ওপর মতবিনিময় ও পর্যালোচনা সভা

রংপুর অফিস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কাজের ওপর এক মতবিনিময় ও পর্যালোচনা সভা শনিবার রংপুর পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল আলোচক ছিলেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের পরিচালক বুলবুল আখতার। রংপুর জোনের সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহেরের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত মতবিনিময় ও পর্যালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়  জোনের নির্বাহী প্রকৌশলী মেনহাজুল হক, কুড়িগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী শাহাজাহান আলী, দিনাজপুর জোনের নির্বাহী প্রকৌশলী জাহেদুল করীম, প্রধান কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী  গোলাম ছাকলাইন।