জালিয়াতি করে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা ২ চাকরি প্রত্যাশী

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:৫৯

সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস সহায়ক পদে জালিয়াতি করে মৌখিক পরীক্ষা দিতে এসে দুইজন প্রার্থী ধরা পড়েছেন। চাকরি প্রত্যাশী এই দুই জনকে গতকাল বুধবার পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জালিয়াতির মামলাও করেছে জ্বালানি বিভাগ। গ্রেফতার একজন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অন্যজন শ্রবণ প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করলেও তিনি শ্রবণ প্রতিবন্ধী নন।

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, জ্বালানি বিভাগের অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে বিভাগে আসেন নুর হাসান ও মো. হুমায়ন কবির। তাদের আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে জানা যায়, দুইজন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। জালিয়াতি করে তাদের হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষার খাতার সাথে তাদের হাতের লেখারও মিল নেই। এদের মধ্যে হুমায়ন শ্রবণ প্রতিবন্ধী হিসেবে পরীক্ষায় অংশ নিলেও মৌখিক পরীক্ষা গ্রহণকালে দেখা যায় তিনি স্বাভাবিকভাবেই কথা বলতে ও শুনতে পারেন। জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির বিষয়টির স্বীকার করে লিখিত বক্তব্য দিয়েছেন। জ্বালানি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন।