জয়দেবপুর বাস টার্মিনালে আবর্জনার স্তূপ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০০:৫০

গাজীপুর শহরের জয়দেবপুর বাস টার্মিনালটি আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে যাত্রী, পথচারী ও পরিবহন শ্রমিকদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে।

গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বিআইডিসি সড়ক ঘেঁষে দোতলা টার্মিনাল ভবনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আবর্জনা। ছড়াচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ। টার্মিনালের শুধু দক্ষিণ পাশ বাদে সবখানেই ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লামিশ্রিত কাদাপানি। এর মধ্যেই রাখা হয়েছে বাস। অনেকে কৌতুক করে বলেন, ‘জয়দেবপুর বাস টার্মিনালকে এখন আবর্জনার টার্মিনাল বলাই ভালো।’

বলাকা পরিবহনের চালক মো. ফরিদ মিয়া জানান, টার্মিনালটি প্রয়োজনের তুলনায় ছোট। আশেপাশের দোকান ও বাড়ি ঘরের ময়লা টার্মিনাল ভবনের উত্তর পাশে ফেলা হয়। দীর্ঘদিন পরিষ্কার না করায় আবর্জনার স্তূপ হয়ে আছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় টার্মিনাল ভবনও পরিত্যক্ত হয়ে আছে। রাতে ভবনটি মাদকসেবী ও ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়। ভবনের নিচতলার দরজা-জানালা খুলে নিয়ে গেছে মাদকাসক্তরা। এখন নিচতলা পরিণত হয়েছে গণটয়লেটে।

টার্মিনালের একজন শ্রমিক নেতা বলেন, এ টার্মিনাল থেকে প্রতিদিন দুই শতাধিক গাড়ি যাতায়াত করে থাকে। প্রয়োজনের তুলনায় টার্মিনালটি এমনিতেই ছোট। তার উপর ময়লা আর্বজনায় তিন ভাগের দুইভাগ ব্যবহারের অনুপযোগী। কিন্তু ময়লা সরানোর কোনো উদ্যোগ সিটি করপোরেশনের নেই।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম জানান, শিগগিরই ওই এলাকায় ডাস্টবিন বসানো হবে। ডাস্টবিন হলে আবর্জনার সমস্যা থাকবে না।