নারীদের সৃজনশীলতার স্বীকৃতি দিচ্ছে ‘অনন্যা’: তাসমিমা হোসেন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:২৫
 
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেন, অনন্যা আধুনিক প্রজন্ম ও বর্তমান সময়ের প্রতি সজাগ রয়েছে। পাক্ষিক এই সাময়িক পত্রিকাটি সবার ভালোবাসা নিয়ে ও স্বকীয় ঐতিহ্য সমুন্নত রেখে বর্তমানে ২৯ বছরে পদার্পণ করেছে। 
 
আজ শনিবার দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম ব্যুরো অফিসে চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট ও হকার সমিতির সর্বস্তরের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
 
তাসমিমা হোসেন বলেন, এই সাময়িকীর মাধ্যমে নারী জাগরণ, সমাজ প্রগতিতে নারীদের অংশগ্রহণ, কর্মসংস্থান, সমসাময়িক আধুনিক সমাজ-সংস্কৃতি সাহিত্যের সবকিছুই দেশের বিশিষ্ট লেখক ও বিশেষজ্ঞদের লেখায় তুলে ধরা হচ্ছে। অনন্যা ইতিমধ্যে শুধু দেশের নারী সমাজ নয়, উপরন্তু দেশের সর্বস্তরের পাঠক সমাজের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।অনন্যা শুধু বাংলাদেশের নারীদের জীবনের চালচিত্র তুলে ধরছে না বরং বৃহত্তর সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে যেসব নারী সমাজের বিভিন্ন ক্ষেত্রে রেখে আসছেন তাদের প্রতি মনোযোগী রয়েছে। শত প্রতিকূলতার ভেতর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অগ্রণী সেই সব নারীদের প্রতিবছর অনন্যা শীর্ষ দশ পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি ও সহযোগিতা দিয়ে আসছে অনন্যা। এরই অংশ হিসেবে অনন্যা পরিবার এবার চট্টগ্রামের শহিদ জায়া, বিশিষ্ট সাহিত্যিক, সম্পাদক, বেতার ব্যক্তিত্ব, উদ্যোক্তা, নারীনেত্রী, সমাজ সংগঠক এবং সাহসী মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফিকে অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৪ প্রদান করেছে। এই পুরস্কার তার হাতে তুলে দিতে পুরো অনন্যা পরিবার আজ এখানে উপস্থিত হয়েছে। 
 
অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন ইত্তেফাক ও অনন্যার প্রচার ও পাঠক সমাদরের ক্ষেত্রে চট্টগ্রামের সকল সংবাদপত্র এজেন্ট ও হকারদের সহযোগিতা কামনা করেন। ইতিপূর্বে তারা যে সহযোগিতা করেছেন তার জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। 
 
মতবিনিময়ে সংবাদপত্র এজেন্ট হকার সমিতি নেতারা বলেন, ইত্তেফাক এবং অনন্যা দেশের ঐতিহ্যবাহী পত্রিকা। দেশের ঐতিহ্য, ইতিহাস-সংস্কৃতিসহ সমাজ জীবনে পত্রিকা দু’টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ দু’টি পত্রিকাকে আরো বেশি পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তারা জানান। 
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অনন্যা’র উপদেষ্টা ফারুক ফয়সল, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ইউছুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক অরুন সেন ও মকবুল হোসেন, বর্তমান সহ-সভাপতি মো. দাউদুল ইসলাম। 
 
আরো উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট ইব্রাহিমের মো. আইউব আলী, এজেন্ট ইসহাকের নজরুল ইসলাম ও ব্যবস্থাপক আবদুর রহিম, এজেন্ট মালেকের আবদুল খালেক ও আবদুল মান্নান, এজেন্ট আল হারুন-এর আল হারুন রশিদ ও ব্যবস্থাপক আমান উল্লাহ। অনন্যা পরিবারের পক্ষে আরো উপস্থিত ছিলেন সম্পাদনা সহযোগী আবুল কাসেম, জেনারেল ম্যানেজার মো. আবু হানিফ খোকন, সার্কুলেশন বিভাগের মো. জসীম উদ্দিন।
 
ইত্তেফাক/কেকে