লোহাগাড়ায় সড়কের গাছ কাটায় জরিমানা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ০৯:২২
 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফোরসিজন রেস্টুরেন্ট এলাকাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছ কাটার অভিযোগে শনিবার সন্ধ্যায় দু'জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
 
জরিমানা প্রাপ্তরা হলেন- চুনতি ১ নম্বর ওয়ার্ডের মৃত সাহেব মিয়ার ছেলে গাছ ব্যবসায়ী ছৈয়দ নুর ও একই এলাকার মৃত শমসুর ছেলে মো. ফারুক। সড়কের আকাশমনি গাছ কাটার অভিযোগে ছৈয়দ নুরকে ৬ হাজার টাকা ও মো. ফারুককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, কর্তনকৃত আকাশমণি গাছগুলো জব্দ করে উপজেলা পরিষদ এলাকায় নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে উপজেলার সড়ক-পাহাড়সহ সরকারি জায়গা থেকে গাছ কেটে প্রতিনিয়ত পাচার হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন খবর নেই।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, সরকারি জায়গার গাছ নিধনকারী যেই হোক না কেন এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/জামান