টঙ্গীতে কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০০:৫২

গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকারকে তার মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে নূর আলম পরিচয়ে এক ব্যক্তি। এঘটনায় গতকাল বুধবার গিয়াস উদ্দিন সরকার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে স্থানীয় জনপ্রিয় কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন (ফোন নম্বর ০১৭৬৭১৮০২৬১) করে অশালীন ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় তার পরিচয় জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ‘এ এস আই নূর আলম’ বলে নিজের পরিচয় দিয়ে কাউন্সিলরসহ তার পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন কাউন্সিলর ও তার পরিবার। পরে রাতেই তিনি টঙ্গী পূর্ব থানায় গিয়ে জিডি করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন থানায় জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে যারা মেরে ফেলার হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।