রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের

বাবা-মাসহ ৫ জনকে পিটিয়ে জখম করলো ছোটো ছেলে

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০০:৫৪

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা-মাসহ পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করেছে ছোটো ছেলে। বুধবার সকালে মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ঘটে এ ঘটনা।

আহত নজরুল ইসলাম জানান, তার ছোটো ভাই জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে বুধবার সকালে নজরুল ইসলামকে ছোটো ভাই জহিরুল ইসলাম, তার স্ত্রী রাবেয়া ও ছেলে রাব্বি মিয়া মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নজরুল ইসলাম তাদেরকে গালাগাল করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে জহিরুল। নজরুলের চিত্কারে তার স্ত্রী, সন্তান, তার বাবা চাঁন মিয়া ও মা আনোয়ারা বেগম এগিয়ে আসলে জহিরুল তাদেরও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান জানান, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।