জাবি-ইবির মারামারিতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল টুর্নামেন্ট স্থগিত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০০:৫৪

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল টুর্নামেন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর মধ্যকার সেমিফাইনাল খেলা চলাকালে মারামারির ঘটনায় টুর্নামেন্টটি স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন মিয়া। তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শুধু হ্যান্ডবল টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। তবে অন্য সব খেলা যথানিয়মেই চলবে। এই টুর্নামেন্টের বিষয়ে পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘খেলার মাঠে ফাউলের ঘটনা ঘটে থাকে। তবে রেফারির সিদ্ধান্তের পরও মারামারি হওয়াটা দুঃখজনক। এর দায়ভার উভয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে নিতে হবে।’

এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত জাবি ও ইবির মধ্যকার সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে জাবির এক খেলোয়াড়ের ঘাড়ে ধাক্কা দিয়ে ফাউল করার কারণে দর্শকরা উত্তেজিত হলে মারামারির ঘটনা ঘটে। এতে ইবির এক শিক্ষকসহ নয়জন আহত হন।