ভোটার তালিকা হালনাগাদ

৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের টার্গেট ইসির

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:২০

এবার ৮০ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করা হবে। বুধবার নির্বাচন কমিশনের ৪৮ তম সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব হেলালুদ্দীন আহমদ একথা বলেন। সচিব বলেন, এ বছর  আমাদের টার্গেট হলো ৮০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা। ২০০৪ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এ রকম নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর তাদের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি, তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিনি বলেন, মোট তথ্য সংগ্রহকারী থাকবে ৫২ হাজার ৫০০, সুপারভাইজার ১০ হাজার ৫০০, টেকনিক্যাল সাপোর্টে থাকবে ৬৪জন  এবং রেজিস্ট্রেশন কেন্দ্র থাকবে ৭৮০ পয়েন্টে। অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। ২৫ মে থেকে এ কার্যক্রম চলবে। কোনো কারণে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ পড়েন, তবে তিনি নিবন্ধন কেন্দ্রে গিয়েও তিনি তার তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন।

সব নির্বাচনে ইভিএম:ইসির সচিব বলেন, এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে করা হবে। যেখানে উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ যেখানে ভৌগলিক কিছু বিচ্ছিন্নতা আছে। যেগুলোতে বিদ্যুত্ আছে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো সেসব উপজেলায় ইউনিয়ন পরিষদ বেছে বেছে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা শতভাগ না হলেও ফিফটি পারসেন্ট আসনে ইভিএম ব্যবহার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি এখনো সিওর না, এটা আমাদের পরিকল্পনায় আছে। এর জন্য অবশ্যই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দরকার আছে।

তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ যেসব জায়গায় ইভিএম ব্যবহার করা হবে। সেসব জায়গায় ট্যাব ব্যবহার করা হবে। এখন থেকে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা বিটিআরসিকে অনুরোধ করবো ওইসব এলাকায় যেনো ইন্টারনেটের গতিটা বাড়িয়ে দেয়া হয় যোগ করেন সচিব।