বাংলাদেশ সীমান্তের কাছে পথ হারিয়েছিল মমতার হেলিকপ্টার

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৩০

বাংলাদেশ সীমান্তের কাছে পথ হারিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হেলিকপ্টার। পথ ভুল করে শিলিগুড়ি থেকে চোপড়া যাওয়ার বদলে বিহারে ঢুকে পড়ে হেলিকপ্টারটি। ফলে ২২ মিনিটের পথ যেতে সময় লেগেছে ৫৫ মিনিট।

লোকসভা নির্বাচনের প্রচারে গতকাল বুধবার চোপড়ায় জনসভা ছিল মমতার। দুপুর ১টা ৫ মিনিটে শিলিগুড়ি হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে যাত্রা করেন মমতা। নির্দিষ্ট সময় মেনে ১টা ২৭ মিনিটে উত্তর দিনাজপুরের চোপড়ায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও গন্তব্যে না পৌঁছানোয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পথ ভুল করে শিলিগুড়ি থেকে চোপড়া যাওয়ার বদলে বিহারে ঢুকে পড়ে হেলিকপ্টার। বিভিন্ন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জানা যায় হেলিকপ্টারটির অবস্থান। অবশেষে রঙিন স্মোক গান চালানো হয় চোপড়া থেকে। তা দেখে ৫৫ মিনিট পর দুপুর ২টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় হেলিকপ্টারটি। 

বছর দুয়েক আগে উত্তর দিনাজপুরে মমতার এক সভায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চে পৌঁছে যায় দুই বোন রবিনা ও আমিরা খাতুন। তখন বক্তব্য রাখছিলেন মমতা। তারপর এই হেলিকপ্টার কাণ্ড। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা। এ ঘটনায় কোনো কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ভুল করে হেলিকপ্টারটি বাংলাদেশে ঢুকে পড়লে কী হতো তাই নিয়েই উদ্বিগ্ন সবাই।