মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৫৬

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইনের পাশ থেকে নাজমুল হোসেন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় মৃতদেহের গলায় গামছা পেঁচানো ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর তাকে ওই স্থানে ফেলে যায় কেউ। এদিকে মঙ্গলবার রাতে শ্যামপুর থেকে ইয়াছিন আরাফাত (১১) নামে আরেক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকা জিআরপি থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম বলেন, নাজমুলের গলায় শ্বাসরোধের চিহ্ন ছিল। তবে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার বাবা মৃত আমিরুল হোসেন। মা নাজমা বেগম। অপরদিকে শ্যামপুরের মিতালী গলির বাসা থেকে ইয়াসিন আরাফাত নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আত্মহত্যা করেছে বলে ধারণা স্বজন ও পুলিশের। তার বাবা হানিফ পেশায় রিকশাচালক ও মা লিপি বেগম গৃহিণী।