কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজি মামলায় বরকইট ইউনিয়ন পরিষদ মেম্বার মো. আওলাদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শ্রীমন্তপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আওলাদ হোসেন শ্রীমন্তপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। সে বরকইট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, শ্রীমন্তপুর বাজারের হোন্ডা মিস্ত্রি শাহজাহান ইউপি মেম্বার আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর সুরুজ ভূইয়া ও উপজেলা যুবলীগ আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সিকে আসামিকে করে গত ২৯ নভেম্বর আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। তারপর থেকে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে চান্দিনায় পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদসভা করে আসছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সহকারী পুলিশ সুপার (দাউকান্দি সার্কেল) মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে ঘটনাস্থল হাজির হয় ইউপি মেম্বার আওলাদ হোসেন। এসময় তাকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইত্তেফাক/জামান
