সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান সরকার শিশুদের লাইব্রেরি মুখী করতে কাজ করছে।সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত গণগ্রন্থাগার অধিদফতর ও জাতীয় গ্রন্থকেন্দ্র ঐক্যবদ্ধভাবে মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।
সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত ‘বিয়োন্ড এক্সেস বাংলাদেশ’ প্রকল্পটি এ উদ্যোগেরই একটি অংশ উল্লেখ করে নূর বলেন, শিশুদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ আরো বেশি নেয়া জরুরি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতরের সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত বিয়োন্ড এক্সেস বাংলাদেশ প্রকল্পের ‘সাক্ষরতার জন্য পাঠাগার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিশুদের শৈশবকালকে আনন্দময় এবং তাদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশপাশি সংস্কৃতি চর্চা জরুরি। সরকার এ বিষয়টির দিকেই এখন যথেষ্ট গুরুত্বারোপ করছে। এ লক্ষ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে বাদ্যযন্ত্র এবং দেশের জেলা শিল্পকলা একাডেমিগুলোতে একজন করে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় দেশের লাইব্রেরিসমূহকে আধুনিকায়ন ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের কথা মাথায় রেখেই সরকার এ উদ্যোগ নিয়েছে। বাসস
ইত্তেফাক/কেকে
