মোংলায় লঞ্চ ও বার্জ ডুবিতে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৩:২৩

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরিরা লাশ দুটি উদ্ধার করে।

 

এখনো নিখোঁজ এক শ্রমিকের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের মোংলা, বাগেরহাট ও খুলনার তিনটি ইউনিটসহ কোস্টগার্ড, নৌবাহিনী, মোংলা বন্দরের উদ্ধারকারী দল।

 

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল মোংলা বন্দরের পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া লঞ্চ এমএল আকতারের ভিতর থেকে নিখোঁজ ক্রেন ড্রাইভার মো. শাহ আলমের (৪৫) মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়া ফায়ার সার্ভিসের অপর একটি দল পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় অপর এক শ্রমিকের লাশ উদ্ধার করে। তবে ভাসমান অবস্থায় পাওয়া ওই শ্রমিকের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন : মধুখালীর বাগাটে মেছো বাঘ আটক

মঙ্গলবার রাতে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলের বেসক্রিকে লঞ্চ শ্রমিকবাহী এমএল আকতার ও এমবি হারড্ডা নামের সার বোঝা বার্জ ডুবে যায়। এ সময়ে অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারলেও ক্রেন ড্রাইভার মো. শাহ আলম, মো. আব্দুল লতিফ ও মো. হেমায়েত হোসেন নামের তিন শ্রমিক নিখোঁজ হয়।

 

ইত্তেফাক/ইউবি