রোনালদোর রেকর্ডের দিনে রিয়ালের জয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১০:১২
বিরল এক রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদের পর্তগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্যায়ের সব ম্যাচেই গোল করলেন তিনি। বুধবার রাতে রোনালদোর রেকর্ডের ওই ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
 
জয় সত্ত্বেও ‘এইচ’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবেই খেলতে হচ্ছে নকআউটপর্বে। কারণ একইদিনে গ্রুপের অপর ম্যাচে অ্যাপয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার। তাই ১৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টটেনহ্যাম। আর গ্রুপের ছয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রিয়াল। এই গ্রুপ থেকে বাদ পড়েছে বরুসিয়া ডর্টমুন্ড ও অ্যাপয়েল নিকোশিয়া।
IMG0
খেলার শুরুর দিকেই রিয়াল দুই গোল করে এগিয়ে যায়। ৮ মিনিটে ইসকোর কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে জালে পাঠান মেয়োরাল। চার মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি তার নবম গোল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এটি তার ১১৪তম গোল। এক্ষেত্রে মেসির চেয়ে ১৭ গোল এগিয়ে তিনি।
 
বরুসিয়ার অবমেয়াং ৪৩ ও ৪৮ মিনিটে দুই গোল করে খেলায় সমতা ফেরায়। শেষ পর্যন্ত ৮১ মিনিটে ভাসকেজ জয়সূচক গোলটি করতে সক্ষম হয়। থিও এর্নান্দেসের হেডে বল পেয়ে জালে পাঠান ভাসকেস।
 
ইত্তেফাক/কেআই