ছাতকে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৫৩

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে দোলারবাজার ইউনিয়নের বারগোপি পূর্বপাড়া ও বারগোপি পশ্চিমপাড়া গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ১০ জন আহতসহ ২৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে গ্রামের দু’পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পূর্ব পাড়ার জমির উদ্দিন মেম্বার, লিটন মিয়া, হদিস আলী, পশ্চিমপাড়ার ছেলেদের বাধা দিয়ে মাঠ থেকে উঠিয়ে দেয়।  গতকাল সকালে পশ্চিমপাড়ার ছেলেরা গ্রামের লুত্ফুর রহমান,খাদিমুল ইসলাম ও এখলাছ মিয়ার নেতৃত্বে মাঠে ফুটবল খেলতে গেলে তাদের উপর হামলা করা হয়। এক পর্যায়ে উভয় পাড়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র, ইট পাটকেলের পাশাপাশি আগ্নেয়াস্ত্রের ও ব্যবহার করা হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মহিলাসহ অন্তত ১০ জন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ রুবেল মিয়া, সোহাগ আহমদ, রুমেল আহমদ, সাকির আলী, হেলাল আহমদ, রুসনা বেগম, সাজ্জাদুর রহমান, মিজানুর রহমান, রুবেল আহমদ, জাকির আলী, নুরুল আমিন, ছমির উদ্দিন, আহমদ আলী, লায়েক আহমদ, শফিকুর রহমান, রিপন, ছয়ফুল আলম, জুনেদ হাসান, সুয়েব মিয়া, নুর আলমসহ ২৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। গ্রামের লুত্ফুর রহমান জানান, পুলিশের উপস্থিতিতেই এক পক্ষের লোকজন অন্যপক্ষের উপর গুলি ছুড়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।