রাবি ছাত্রী হলে অতিথি রাখার দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে অতিথি রাখাসহ অন্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্রী হলের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে বুধবারেও একই দাবিতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শুধু মাকে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু মা ছাড়াও আমাদের বোন, খালাসহ আরও আত্মীয়-স্বজন আসেন। আমরা গ্রাম থেকে এসে এখানে পড়ালেখা করছি। বিভিন্ন প্রয়োজনে আমাদের আত্মীয়-স্বজনেরা এখানে আসেন। অন্যত্র থাকার সুযোগ না থাকায় তারা আমাদের ওপর ভরসা করে হলে আসেন। কিন্তু তাদের হলে রাখার অনুমতি দেওয়া না। হল কর্তৃপক্ষের কথা শুনতে হয়। হলে দায়িত্বরত কর্মচারীরা পর্যন্ত এ নিয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’

ছাত্র হলগুলোতে গেস্ট রাখা নিয়ে কোনো সমস্যা হয় না উল্লেখ করে তারা আরও বলেন, ‘আমরা সবাই ক্যাম্পাসের শিক্ষার্থী। ছাত্র হলগুলোর মত আমাদেরও গেস্ট রাখার সুুযোগ দিতে হবে।’

রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য দেন মন্নুজান হলের জান্নাতুন নাঈম, রহমতুন্নেসা হলের শিক্ষার্থী ইসমাত আরা জেরিন। কর্মসূচিতে সংহতি জানিয়ে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রঞ্জু হাসান প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচি থেকে আগামী সোমবার গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ সোনাগাজীতে আবারও আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রহমতুন্নেসা হলের এক আবাসিক ছাত্রীর কাছে আসা অতিথিকে হল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা।

ইত্তেফাক/নূহু