'এরশাদের দলে সবাই শুধু খাই খাই করে'

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২২:৩৩
 
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় এইচএম এরশাদ তার ভাতিজা এইচএম আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করেছেন। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এইচএম আসিফ বলেছেন, এরশাদের দলে কেউ টাকা ছাড়া দল করে না, সবাই শুধু খাই খাই করে।
 
রসিক নির্বাচনে জাপার বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচএম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিষ্কার করেছেন চাচা ও সংগঠনের চেয়ারম্যান এইচএম এরশাদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং পার্টি চেয়ারম্যানের নির্দেশ ও সিদ্ধান্তকে অমান্য করে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় শুক্রবার সকল পদ ও পদবী থেকে তাকে বহিষ্কার করা হয়। একই সাথে পার্টির কোন সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করলে তাকেও বহিষ্কার করা হবে বলে জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় এরশাদের পরিবার ও দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্তের পরও আসিফ শাহরিয়ার তার কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
 
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় এইচএম আসিফ শাহরিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এরশাদের পরিবারের কাছ থেকে ক্ষমতা বা নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একটি কুচক্রী মহল। কিভাবে পার্টিকে নেতৃত্ব শূন্য করা যায় এবং এরশাদের পরিবারকে জাপা থেকে দূরে রাখা যায় সেই দুরভিসন্ধি চিন্তা থেকেই এরশাদকে ভুল বুঝিয়ে আরও খাদের কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। আমার ভোটব্যাংক আছে। 
 
তিনি বলেন, পার্টির কিছু নেতা আদর্শের রাজনীতি ছেড়ে এখন টাকা কামানোর ধান্ধায় ব্যস্ত। গরীব-অসহায় মানুষের রিলিফের টাকা লুট করে পকেট ভারী করে চলছে অনেক নেতা। এরশাদের দলে টাকা ছাড়া কেউ দল করে না। সবাই শুধু খাই খাই করে। ওই সকল খাই খাই নেতা একজোট হয়ে আমার বিরুদ্ধে লেগেছে। টিআর প্রকল্পের টাকা খেয়েছে ওরা। তারা মনে করেছিল আমি মেয়র পদে মনোনয়ন তুলে নিব। কিন্তু আমি তাদের পাত্তা দেই না। আমি মেয়র পদে ভোট করব।
 
জাপার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আসিফের বয়স কম, সে রাজনীতিতে ইনম্যাচিউট (অপরিপক্ক)। তার সঙ্গে কেউ নেই, জাপার সকল নেতাকর্মী আমার পক্ষে রয়েছে।
 
মোস্তফার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাপাকে অনেকেই পরিবার তান্ত্রিক দল বলেন। কিন্তু এরশাদ সাহেব পরিবারতন্ত্রে বিশ্বাসী নন। তিনি জাপার সিদ্ধান্তকে মূল্যায়ন করেছেন। ভাতিজাকে প্রশ্রয় দেন নি। আসিফকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। 
 
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ হয়েছে নতুন মাত্রা: রসিক নির্বাচনে মেয়র প্রার্থীরা সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডে ৩৩টি মাইক ব্যবহার ও ৬টি নির্বাচনী অফিস করতে পারবেন প্রধান নির্বাচন কমিশনারের এমন ঘোষণায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থক ও ভোটারদের নির্বাচনী উৎসবে নতুন মাত্রা যোগ হয়েছে। আর এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন।
 
নির্বাচনে সন্ত্রাসী ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে নম্বর বিহীন মোটরসাইকেল আটক অভিযান শুরু পুলিশের: রসিক নির্বাচনে সন্ত্রাসী ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নম্বর বিহীন মোটরসাইকেল আটক অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে গত দু’দিনে নগরীর ১৮টি স্থানে চেকপোস্ট বসিয়ে কয়েকশ মোটরসাইকেল আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি আরো বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ হাজার সদস্য নিয়োজিত রয়েছে। নির্বাচনের দিন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি