নরওয়ের রাজার সাবেক মেয়ে জামাই আরি বেহনকেও যৌন হেনস্থা করেছিলেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা কেভিন স্পেসি। ২০০৭ সালের নোবেল শান্তি পুরস্কার কনসার্ট উপস্থাপনার পরে তিনি সেটা করেছিলেন বলে জানান তিনি।
বেহন নরওয়ের রাজা কিং হেরাল্ডের মেয়ে মার্থা লুইসকে বিয়ে করেছিলেন, গত বছর তাদের বিচ্ছেদ ঘটে। স্পেসির বিরুদ্ধে বেশ কয়েকজন পুরুষকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। প্রভাবশালী টিভি সিরিজ ‘হাউজ অব কার্ডস’ থেকেও তাকে বরখাস্ত করা হয়। ওই সিরিজের প্রধান চরিত্র ছিলেন স্পেসি। গত মাসে স্পেসির একজন মুখপাত্র বলেন, তিনি তার পরিস্থিতি মূল্যায়ন করছেন এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছেন।
IMG0
ঘটনাটি স্মরণ করে বেহন রেডিও স্টেশন পি-ফোরকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমাদের দারুণ আলোচনা হয়েছিল এবং স্পেসি আমার পেছনে বসেছিলেন। ৫ মিনিট পরে তিনি আমাকে বলেন, চলুন সিগারেট খেয়ে আসি। সেই সময় আমার যৌনাঙ্গ স্পর্শ করেন। তখন বিব্রত হয়ে আমি তাকে বলি, পরে যাব। বেহন যোগ করেন, আমার চুল সেই সময় কালো ছিল এবং বয়সে আমি স্পেসির চেয়ে ১০ বছরের ছোট।
গত মাসে লন্ডনের ওল্ড ভিক থিয়েটার জানিয়েছে, তারা কেভিন স্পেসির বিরুদ্ধে ২০টি লিখিত অভিযোগ পেয়েছে। এই থিয়েটারে আর্টিস্টিক ডিরেক্টর ছিলেন স্পেসি। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
