চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনসহ তিনটি বগি বিদ্যাগঞ্জ রেলস্টেশনে ঢোকার সংযোগস্থলে লাইনচ্যুত হয়। গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও জামালপুর-ঢাকা রেলপথে চলাচলকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী ট্রেন বেলা সাড়ে এগারোটার সময় দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সাত ঘন্টা কাজ শেষে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মির্জা শামছুল আলম জানান, সকালে তেলবাহী ট্যাংকারটি ২৪টি বগি নিয়ে জামালপুর আসছিল। এ সময় ট্যংকারটি বিদ্যাগঞ্জ রেলস্টেশনে ঢোকার আগমুহূর্তে দুই লাইনের সংযোগস্থলে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. জহুরুল ইসলাম জানান, তেলবাহী ট্যাংকারটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর অগ্নিবীণা, তিস্তা এক্সপ্রেস ও কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে এবং দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি পিয়ারপুর স্টেশনে আটকা পরে। এছাড়াও এ পথে চলাচলকারী লোকাল ট্রেনগুলোও বিভিন্ন স্টেশনে আটকা পরে। ফলে ট্রেনে নারী শিশুসহ অসংখ্য যাত্রী চরম ভোগান্তির শিকার হয়। পরে ময়মনসিংহের কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী ট্রেন সাড়ে এগারোটার সময় দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। বিকাল চারটায় ট্রেনটি উদ্ধার করার পর এ লাইনে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর রেলওয়ে থানার এসআই মো.আকবর হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
ইত্তেফাক/নূহু
