খুলনায় বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬
 
খুলনায় নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর বড় বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মজুদকৃত অবস্থায় এ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান মালিকসহ দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, রবিবার দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে নগরীর বড় বাজারের ১৬ নম্বর ঠাকুরবাড়ী লেনস্থ মেসার্স শ্রী ‘মা’স্টোরে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের তৃতীয়তলার গোডাউন থেকে বিপুল পরিমাণ ও পরিবেশ দূষণকারী বিক্রয় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ অভিযোগে প্রতিষ্ঠান মালিক গণেশ কুমার সাহা (৪৫) ও কর্মচারী মো. রাজু রিয়াজকে (৩০) আটক করা হয়। পরে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম ও পরিদর্শক মো. হান্নান উপস্থিত ছিলেন।  
 
ইত্তেফাক/ইউবি