উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার দিবাগত রাত দুইটায় একটি বসতঘরে ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। উপাজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুরস্থ ধলই এনায়েত ভান্ডার শরীফের শাহজাদা মাহাবুবুল আলমের বসতঘরে এ ঘটনা ঘটে।
ডাকাত দলের সদস্যদের বন্দুকের বাট ও ছুরিকাঘাতে তার মাহবুবুল আলমের প্রবাসী পুত্র মো. আমির উদ্দিন(২২) আহত হয়েছেন।
আহত আমির উদ্দিন জানান, রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী একটি মাহফিল থেকে ঘরে ফিরি। রাত দুইটার দিকে ১০ থেকে ১২ জনের মুখোশ পরিহিত ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা আমাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার মা ও ভাবীর রুমে প্রবেশ করে। আমি ধস্তাধস্তি করলে তারা আমার কপালে বন্দুকের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ও হাতে ছুরিকাঘাত করে। তারা ঘরের ৩টি ডাকাতদল ঘরের ৩টি আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ বেশ কিছু দামী কাপড় নিয়ে যায়। তারা ঘর থেকে বের হওয়ার পরপরই মসজিদের মাইকে ডাকাত আসার সংবাদ প্রচার করি। পরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করি।
আমির উদ্দিনের কপালে ৪টি ও হাতে একটি সেলাই করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমরা সবকিছু খতিয়ে দেখছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
