পাবনার বেড়ায় একটি বিলুপ্ত প্রায় মুখপোড়া হনুমান দলছুট হয়ে উপজেলার বিভিন্ন গাছে গাছে ঘুরে বেরাচ্ছে। হনুমানটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। কেউ কলা, কেউ বিস্কুট ছুড়ে হনুমানটিকে খাওয়ানোর চেষ্টা করছে। বেড়ায় পূর্বে কখনো হনুমান দেখা যায়নি। কৌতুহলী এলাকাবাসীর উৎপাত থেকে বাঁচতে হনুমানটি উঁচু গাছে আশ্রয় নিয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চারটি হনুমান দেখা যায়। পরে সেগুলো সাঁথিয়ার দিকে চলে যায়। তবে শনিবার সন্ধ্যার দিকে একটি হনুমানকে বেড়ায় দেখা যায়। অন্য হনুমানগুলোর কোনো খোঁজ মেলেনি।
জানা যায়, মুখপোড়া হনুমান উদ্ভিদভোজী প্রাণী। পাতা, ফুল ও ফল ইত্যাদি উদ্ভিদ জাতীয় খাবার খায়। এরা দলে ২ থেকে ১৫ টি পর্যন্ত একসাথে থাকে। তবে আবাস কমে যাওয়া এবং খাদ্যের অভাবে এ প্রাণির অস্তিত্ত আজ সংকটে। ধারণা করা হচ্ছে কোন কলা বহনকারী ট্রাকে এরা এই এলাকায় পৌছে থাকতে পারে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হারুণুর রশীদ বলেন, বিষয়টি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। তবে এর মধ্যে এলাকাবাসী প্রাণিটির যেন কোন ক্ষতি না করে সে বিষয়ে বলা হচ্ছে। প্রাণিটিকে উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে।
ইত্তেফাক/এএম।
