নাটোর ছাত্রলীগ নেতা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় অভিযুক্ত অপর ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, লালপুর উপজেলা বাহাদুরপুর এলাকার শামীম, সুজন, মতিন ও কৃষ্ণপুরের শুকুর। যাবজ্জীবন সাজা প্রাপ্ত হলেন, বাহাদুরপুর এলাকার ফয়েজ উদ্দিন এর ছেলে সান্টু মিয়া। সাজা প্রাপ্তদের মধ্যে শামীম ছাড়া বাকি সবাই পলাতক রয়েছেন। 

খান্নাস হত্যার আইনজীবী অ্যাড আবুল কালাম আজাদ জানান, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার হাবিবপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময়  মোয়াজ্জেম হোসেন খান্নাসকে গুলি করে এবং  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন: সিংড়ায় আবারও সড়কে চাঁদাবাজি

এ ঘটনায় খান্নাসের বাবা আব্দুল শুকুর মৃধা বাদী হয়ে ২৩ জনকে আসামি করে ১ মার্চ লালপুর থানায় মামলা রুজু করেন। পুলিশ ২০০২ সালের ৩০ এপ্রিল ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেয়। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেন। 

ইত্তেফাক/অনি