বৈশাখী মেলা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৯:৫৪

বৈশাখী মেলা বসে কুলবাড়িয়ায়

খেলার সাথিরা মিলে একসাথে যাই।

 

বাহারি রঙের ফুল তালপাতা বাঁশি

পুতুলের নাচ দেখে আনন্দে হাসি।

ছোটচাচা কিনে দেন টমটম গাড়ি

পুতুলের বিয়ে দিতে মিতু কেনে শাড়ি।

খেলনা পাতিল কেনে আমাদের রিনি

তাই দেখে আমিও যে ডুগডুগি কিনি।

মেলা থেকে কিনি আরো লাল-নীল ঘুড়ি

মনপাখা মেলে যেন দূরাকাশে উড়ি।

জিলেপির স্বাদ খুব লেগে থাকে মুখে

বড় এক হাতি এসে থামে সম্মুখে।

জুয়েলের সাথে চড়ি সে হাতির পিঠে

দানাদার সন্দেশ লাগে খুব মিঠে।

কদমা ও চমচম খেতে বেশি মজা

মুখে রস লেগে যাবে খাও যদি গজা।

 

প্রতিবার বৈশাখে বসে এই মেলা

আনন্দ-হাসি গানে কেটে যায় বেলা।