পয়লা বৈশাখে

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২০:০৭

পয়লা বৈশাখে—মনে পড়ে মাকে

মনে পড়ে—পিতার আদৃত মুখখানি

কী বাত্সল্যে ভরে থাকে!

আজো স্পষ্ট দেখি চোখ বুঁজে

সন্তানের হাত ধরে হেঁটে আসে বাপ

মাটি থেকে ঘাসের সবুজে

দূর পরবাসে—চোখে ভাসে শৈশবের

শিশিরসিক্ত ঘাসের কাহিনি।

 

স্মৃতির পাখিরা কত পথ ঘুরে ঘুরে

ফিরে আসে ঠিক ছেলেবেলা

আকুরটাকুর পাড়া সংক্রান্তির মেলা।

কলকাতা থেকে ছুটে আসা কবি তারাপদ রায়

আজ বহুকাল পরে স্মৃতি ফুঁড়ে

দেখা দেন—বাপের ভিটায়!

 

মনে পড়ে মুড়ি মুড়কি আকরি জিলাপি চিনিসাজ

হাটুরে ব্যস্ততা—হাঁকডাক।

আমের বোলের ঘ্রাণে বুকভরা শ্বাস

জীবনের মায়া হয়ে ফিরে আসে

নতুন আশ্বাসে—আবার সরবে আসে

বাঙালির পহেলা বৈশাখ!