নথিবদ্ধ থাক

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২০:০৮

রামধনু হয়ে বিঁধে যাওয়া ক্ষণ

নথিবদ্ধ থাক সবুজ হাওয়ায়

 

প্রথাগত প্রেমের বাইরে

এই হাঁটাহাঁটি

নক্ষত্রের পাড়ায় পাড়ায়,

পালতোলা নৌকায়

পাড়ি দিয়ে

নীল অতলান্ত

ঘাসের ডগায় বোনা

মায়াবী পৃথিবীর গান—

এসবও নথিবদ্ধ থাক।

মর্গের সিলমারা সময়ের

ঘরে পড়ে থাক

ভালোবাসার পরিত্যক্ত লাশ,

বিধ্বস্ত বাতাসে উড়ুক

ফরেনসিক রিপোর্টের

ছেঁড়া পৃষ্ঠা আর ফর্মালিনের ঘ্রাণ।

 

শুধু নথিবদ্ধ থাক

রামধনু হয়ে বিঁধে যাওয়া ক্ষণ

আর মায়াবী পৃথিবীর গান।