নগরীর রুপাতলীর শেরে বাংলা সড়কে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্র আবু সালেহ্ হত্যার ঘটনায় ৮জনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি দায়ের করেন নিহত স্কুলছাত্র আবু সালেহে মা রহিমা বেগম। মামলায় মূলহোতা হৃদয় রহমানসহ তার মামা দেলোয়ার মৃধা ও মামাতো ভাই আরমানকে নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৫জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দেলোয়ার মৃধাকে পুলিশ হত্যাকাণ্ডের দিন রাতেই আটক করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিউদ্দিন আহম্মেদ জানান, সোমবার রাতে মামলা রুজু করার আগেই একজনকে আটক করা হয়। এছাড়া আত্মগোপনে থাকা দুই নামধারী আসামিসহ অজ্ঞাতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত রবিবার রাতে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহকে একই এলাকার বাসিন্দা ও সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র হৃদয় রহমন পিটিয়ে হত্যা করে। ঐ রাতেই কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার ফরহাদ সরদারের নেতৃত্বে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
