খালিয়াজুরীতে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ খুন ও ১৫জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিষুরী জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে নিহত আলতু চৌধুরী (৬২) ওই ইউনিয়নের বানুয়ারী গ্রামের আব্দুল আহাদ চৌধুরীর ছেলে। আটক হওয়া ব্যক্তি বানুয়ারী গ্রামের গোলাপ চৌধুরী (৬৫)।
পুলিশ জানায়, বিষুরী জলমহাল দখল নেওয়াকে কেন্দ্র করে মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামের নবাব চৌধুরী ও বলরামপুর গ্রামের দুলাল চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরজের ধরে মঙ্গলবার দুপুরে দুপক্ষই দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলতু চৌধুরী নামে একজন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নারীসহ আরও ১৫জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছে বানুয়ারী গ্রামের জয়নাল মিয়া (৪৫), গোলাপ চৌধুরী (৬২), রহিমা (৩২), সুফিয়া (৪৫) প্রমুখ। আহতরা নেত্রকোনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খালিয়াজুরী থানার ওসি মো. মহসীন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি
