গত দেড়যুগ ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শোবিজ তারকাদের কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করে আসছে ঢালিউড অ্যাওয়ার্ড। এবারের আয়োজনে আজীবন সম্মাননা জানানো হয় বাংলাদেশের দুই বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক ও সুবর্ণা মুস্তাফাকে।
জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ এর ১৮তম আসর বসে। এছাড়া তারকাদের বিভিন্ন পারফর্মেন্সে মুখর ছিল ৭ এপ্রিলের নিউইয়র্ক রজনী।
অন্যদিকে প্রথমবারের মতো সানি লিওন পেলেন বাংলাদেশী সম্মাননা। এই বিষয়টি কিছুটা অন্যরকম শোনালেও এবারের আয়োজনের অন্যতম চমক ছিল সানী লিওনই। এবং এটিই প্রথম কোনো আসর যেখানে বাঙালীদের কোনো আয়োজনে প্রথমবারের মতো সানী লিওন পারফর্ম করলো। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এই আয়োজন করে। ১৬ মিনিটের পরিবেশনায় অংশ নিতে ১২ জনের একটি নাচের দল নিয়ে নিউইয়র্ক আসেন সানি লিওন।
আয়োজনটি উপস্থাপনা করেন জাহিদ হাসান, সাজু খাদেম ও ইশরাত পায়েল। ঢালিউড অ্যাওয়ার্ড প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘প্রতি বছর মুলত এই আয়োজনের জন্য বাঙালিরা অপেক্ষা করে। প্রত্যেকটি বড় আসরেই একটি দুটি আলোচনা ও সমালোচনা থাকবেই তেমনই এখানেও ছিল। কিন্তু যেভাবে এই আয়োজন এর ধারাবাহিকতা তারা ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসা করার মতো।
ঢালিউড অ্যওয়ার্ডের এবারের আসর প্রসঙ্গে আয়োজক আলমগীর খান আলম বলেন,‘দেশের বাইরে নিউইয়র্কের মতো একটি জায়গায় প্রতিবছর নিয়মিত এই আয়োজন করাটা সাধারণ ব্যাপার নয়। এরপরও শিল্পীদের সহযোগিতায় এটি আমি করতে পারি। এরপরও কেউ কেউ ঈর্ষাবশত হয়তো কিছু সমালোচনার কথা বলবেনই। কিন্তু দিন শেষে তারকাদের সম্মান দেবার এই প্লাটফর্মটি প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশী শিল্পীদের স্বার্থেই। অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী-কলাকুশলীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, আবু হেনা রনি, নাদিয়া, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, সজল, শিরিন শিলা প্রমূখ।
