২০১২ সালের ঠিক এই দিনে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শততম উইকেট পেয়েছিলেন। ভাগ্যচক্র ঠিক সেই দিনটিকেই বেছে নিলো রেকর্ড করানোর জন্য। গতকাল সেই ২৪ নভেম্বরে, সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে দুই শত উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। তবে রেকর্ড এটা নয়। রেকর্ড হলো, টেস্ট ইতিহাসে দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৩ হাজার রান ও ২ শ উইকেট শিকার করে ফেললেন সাকিব।
এই টেস্টের পর সাকিবের মোট রান দাঁড়ালো ৩,৭২৭। আর টেস্ট ক্রিকেটে গতকাল পর্যন্ত তার উইকেট ২০১টি। ৩ হাজার রান ও ২ শ উইকেট শিকার করলেন সাকিব ৫৪ টেস্টে। এই জায়গায় পেছনে ফেললেন তিনি ইয়ান বোথামকে। বোথাম ৫৫ টেস্টে করেছিলেন এই কীর্তি। বোথামের জন্মদিনেই বোথামকে পেছনে ফেললেন সাকিব। এ ছাড়া ক্রিস কেয়ার্নস ৫৮ টেস্টে, অ্যান্ড্রু ফ্লিনটফ ৬৯ টেস্টে ও কপিল দেব ৭৩ টেস্টে এই ক্লাবে প্রবেশ করেছেন।
সাকিব প্রায় তিন মাস খেলার বাইরে ছিলেন ইনজুরির জন্য। এই টেস্ট খেলতে নামবেন, এটাও ঠিক নিশ্চিত ছিল না। একেবারে টেস্টের দল ঘোষণার পর জানা গেছে যে, তিনি চট্টগ্রাম টেস্ট খেলছেন। এই টেস্ট শুরু করেছিলেন সাকিব ১৯৬ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে নিজের প্রথম বলেই তুলে নেন উইকেট। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ১৯৯ উইকেটে পৌঁছে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর দ্বিতীয় ইনিংসে কিয়েরন পাওয়েলকে আউট করে ছুঁয়ে ফেললেন ২০০ উইকেটের মাইলফলক।
২০১২ সালে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শত উইকেট শিকার করেছিলেন সাকিব। এর আগে মোহাম্মদ রফিক ছিলেন বাংলাদেশের একমাত্র শত উইকেট শিকারি। রফিক ২০০৮ সালের মার্চ মাসে তার ক্যারিয়ারের শেষ টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। এখন তাইজুল ইসলাম আছেন এই শত উইকেটের পথে। তার উইকেট সংখ্যা এখন ৯৪।
সাকিব তার ক্যারিয়ারে ১৮ বার ৫ উইকেট শিকার করেছেন এবং দুই বার ১০ উইকেট শিকার করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ২০১৪ সালের খুলনা টেস্টে ১২৪ রানে নিয়েছিলেন ১০ উইকেট। সেই সাথে ওই ম্যাচের প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট নেন। এই টেস্টেও তিনি ৮৪ রানের এক ইনিংস খেলেন।
সাকিবের এখন পর্যন্ত ইনিংস সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে; ২০০৮ সালে এই চট্টগ্রামেই ৭ উইকেট নিয়েছিলেন ৩৬ রানে। সেই টেস্টের আগে সাকিব সেভাবে বোলিং করতেন না। টেস্টের আগে সিডন্স বলেছিলেন, এই টেস্ট থেকে বোলিং নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। মাঠে নেমেই কথা রেখেছিলেন এই অলরাউন্ডার।
