জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক

খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:০৭

জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপজেলা সদর থেকে এক কিলোমিটার হাসপাতাল এলাকা পর্যন্ত সড়কে দেখা দিয়েছে বড় আকারের গর্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পুনঃসংস্কারের পরও বেহাল এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, কেউন বাড়ি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের পুনঃসংস্কার কাজ সম্পন্ন হওয়ার এক বছর যেতে না যেতেই উপজেলা সদরে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটির হামজা কমিউনিটি সেন্টারের পাশে বিশাল একটি গর্তসহ উপজেলা সদর পর্যন্ত অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায় ৬ মাস আগে দ্রুত গর্তগুলো ভরাটের ব্যবস্থা নেয় এলজিইডি কর্তৃপক্ষ। কোনো রকম জোড়াতালি দিয়ে ইটের সুরকি ফেলে গর্তগুলো ভরাট করলেও আবারো একই স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও রবিবার সড়কের ওই স্থানে সৃষ্টি হয় গভীর গর্তের। সড়কের ওই স্থানের বিশাল গর্তে বৃষ্টির পানি জমে থাকার কারণে অধিকাংশ যানবাহন গর্তে পড়ে গিয়ে ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

ছিক্কা এলাকার বাসিন্দা এনামুল হক এনাম বলেন, সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা আর ঠিকাদারের অনিয়মের কারণেই উল্লিখিত স্থানে বারবার বিশাল গর্তের সৃষ্টি হচ্ছে। দ্রুত এর সংস্কারের দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার সবুজ বলেন, জগন্নাথপুর-বিশ্বনাথ সিলেট সড়কের হাসপাতাল এলাকায় গর্ত হওয়ার খবর পেয়েছি। সড়কে গর্ত হওয়া অংশে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে।