ছয় বছরে ইউটিউব স্টার, খেলনা দেখিয়েই কোটিপতি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৩
ছয় বছরের এই ক্ষুদে বালকের নাম রায়ান। সে একজন ইউটিউব স্টার। তার কাজ ইউটিউবে নতুন নতুন খেলনার মোড়ক খোলা। কেবল এই কাজ করেই গত বছর রায়ান আয় করেছে এক কোটি দশ লাখ ডলার। বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ এর হিসেবে রায়ান হচ্ছে সবচেয়ে বেশি আয় করা ইউটিউব স্টারদের একজন। তার অবস্থান এখন আট নম্বরে।
 
ইউটিউবে তার চ্যানেলটির নাম ‘রায়ান টয়’স রিভিউ। নিত্য নতুন খেলনার মোড়ক খোলার পর রায়ান সেসব নিয়ে খেলছে এরকম ভিডিওই সেখানে দেখানো হয়। ২০১৫ সালে প্রথম ইউটিউবে রায়ানের ভিডিও আপলোড করা হয়েছিল। এ পর্যন্ত ইউটিউবে তার ভিডিওগুলি দেখা হয়েছে ১ হাজার ৭০০ কোটি বার।
IMG0
ইন্টারনেটে খুবই পরিচিত মুখগুলোর একটি হওয়া সত্ত্বেও রায়ানের পরিচয় নিয়ে রয়েছে ব্যাপক রহস্য। তার নামের শেষাংশ কি, রায়ান কোথায় থাকে, কেউ জানে না। রায়ানের বাবা-মা মাত্র অল্প কয়েকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। একটি সাক্ষাৎকারে রায়ানের মা দাবি করেছেন যে যখন তার ছেলের বয়স মাত্র তিন বছর, তখন এই ইউটিউব চ্যানেল করার আইডিয়া রায়ানই দিয়েছিল।
তবে রায়ানের মা নিজেও তার নিজের পরিচয় প্রকাশ করেননি। ইউটিউবে রায়ানের প্রথম ভিডিওটি ছিল প্লাস্টিকের ডিম ভেঙ্গে সেখান থেকে খেলনা বের করা। আশি কোটি বার এই ভিডিও দেখা হয়েছে। তার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে এক কোটি মানুষ। রায়ানের ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার স্বতঃস্ফূর্তটা। নিত্য নতুন খেলনা নিয়ে সে যেভাবে খেলে, সেটা লোকে পছন্দ করে। একটি রিভিউতে বলা হচ্ছে, ‘রায়ান যেভাবে তার খেলনার প্যাকেট খোলে, তখন সেটি একটি নাটকীয় পরিবেশ তৈরি করে।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু