কক্সবাজারে জরুরি চিকিত্সাসেবা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:২৬

কক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্ন চিকিত্সক ও নার্সদের দৌরাত্ম্য বন্ধের দাবি ও জরুরি চিকিত্সাসেবা বন্ধের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা কক্সবাজারবাসী’র ব্যানারে সমন্বয়ক কলিম উল্লাহর পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

সভায় বক্তারা বলেন, কথায় কথায় ইন্টার্নসহ চিকিত্সকরা যখন-তখন চিকিত্সা বন্ধ করে দিয়ে হাসপাতালকে অচল করে দিচ্ছে। বক্তারা আরো বলেন, চিকিত্সকদের অনেকেই প্রাইভেট হাসপাতালের ব্যবসা করেন। তাদের সঙ্গে যুক্ত রয়েছে বিএমএ’র কতিপয় নেতাও। সবাই মিলে সিন্ডিকেট করে প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়াতে পরিকল্পিতভাবে সদর হাসপাতালে অচলাবস্থা সৃষ্টি করেন।

সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. ফরিদুল আলম, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক মঈনুল হাসান পলাশ, জাপা নেতা রুহুল আমিন সিকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান, পৌর কাউন্সিলর শাহেনা আকতার পাখি প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।