শাহপরীর দ্বীপের চার ট্রলারসহ সাগরে নিখোঁজ ১৫ জেলে

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৩০

কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পৃথকভাবে ২৪ জন জেলে উদ্ধার হলেও এখনো ৪টি ট্রলারসহ ১৫ জন জেলে নিখোঁজ রয়েছে।

জানা যায়, গত বুধবার ভোরে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় মিয়ানমারের ৫টি এবং বাংলাদেশি শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মো. জোবায়ের, আব্দুল্লাহ, দক্ষিণ পাড়ার কবির, বদি আলমের ৫টি ট্রলারসহ ১০টি ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। বাংলাদেশি এসব ট্রলারের মধ্যে শাহপরীর দ্বীপের প্রায় ৩৫/৪০ জেলে ছিল। নিখোঁজ হওয়া এসব জেলের মধ্যে রাত ৮টা পর্যন্ত পৃথকভাবে ১টি ট্রলারসহ ১৮ জন ও ৬ জন জেলেসহ মোট ২৪ জন জেলে উদ্ধার হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪টি ট্রলার, ৭ জন এবং ৮ জন মিলে মোট ১৫ জন জেলে নিখোঁজ রয়েছে।

শাহপরীর দ্বীপের জেলে সফিক জানান, বাংলাদেশ-মিয়ানমারের ১০টি মাছ শিকারি ট্রলার ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। নিখোঁজদের তথ্য জানা যাচ্ছে না।

শাহপরীর দ্বীপের ইউপি মেম্বার ফজলুল হক মাছ শিকারি ট্রলার ডুবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, এখনো ৪টি ট্রলার এবং ১৫ জেলে নিখোঁজ রয়েছে।