কুষ্টিয়ার মিরপুরে মা-বোনকে মারধর করার দায়ে স্বপন (২০) নামের এক যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিরপুর থানার আহাম্মদপুর ক্যাম্প ইনচার্জ এস আই মাজহারুল ইসলাম অভিযোগ পেয়ে তাকে আটক করে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত ওই যুবককে ভ্রাম্যমান আদালতে আনা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহামেদ এ দণ্ডাদেশ দেন। স্বপন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামের চা বিক্রেতা আব্দুল করিমের ছেলে।
বিচারক এস এম জামাল আহামেদ জানান, সকালে স্বপন তার নিজের বোন ও মাকে মারধর করে। এ সময় বাধা দিতে গেলে বাবাকেও অপমান করে স্বপন। এরপর বাবা-মা ও বোনের অভিযোগের ভিত্তিতে স্বপনকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ইত্তেফাক/নূহু
