বিদ্যালয়ের গেটসহ বিভিন্ন স্থানে অবৈধ যানবাহনের স্ট্যান্ড!

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০২:৫৩

নিকলী উপজেলার শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের ফটক বন্ধ করে এবং উপজেলা পরিষদের সামনেরসহ বিভিন্ন সড়ক দখল করে যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে।

উপজেলা সদরে যানবাহনের কোনো স্থায়ী স্ট্যান্ড নেই। ফলে চারটি সড়কের বিভিন্ন স্থান ও শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট বন্ধ করে দখল করে বিভিন্ন যানবাহনের অস্থায়ী স্ট্যান্ড গড়ে উঠেছে। যত্রতত্র যানবাহন রাখায় একদিকে যানজট লেগে থাকে অন্যদিকে ছাত্র-ছাত্রীসহ পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সদরের শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কের ত্রিমুখী মোড়ে সড়ক দখল করে গ্যাস চালিত সিএনজি, লেগুনা, ভটভটি, ইজিবাইক, মোটরসাইকেল ও রিকশার স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। একইভাবে উপজেলা পরিষদের সামনে চার সড়কের মোড়ে কিশোরগঞ্জগামী গ্যাসচালিত সিএনজি ও রিকশা স্ট্যান্ড এবং একই সড়কের পশ্চিম কবরস্থানের গেটের সামনে ইজিবাইক, চট্টগ্রামগামী বাসস্ট্যান্ড, একই সড়কের টিএন্ডটির সড়কে পিকআপ স্ট্যান্ড ও নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের পুড্ডা বাজারের চার রাস্তা সড়কে নিকলী-কিশোরগঞ্জ এবং নিকলী-চরারচর পিকআপ, সিএনজি, লেগুনা ও অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। প্রায় আট বছর ধরে এসব অবৈধ স্ট্যান্ডে যানবাহন রাখা হচ্ছে। যত্রতত্র যানবাহন রাখায় এসব এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। সড়কে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে নিকলী জিসি মডেল উচ্চ বিদ্যালয়, নিকলী শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজ, নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর ঝুঁকি নিয়ে সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। অনেক সময় ঘটছে দুর্ঘটনা।

শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন বলেন, বিদ্যালয়ের সামনে থেকে চট্টগ্রামগামী বাস, মোটরসাইকেল, ইজিবাইক, সিএনজি, অটোরিকশা ও রিকশাসহ অবৈধ স্ট্যান্ড অন্যত্র সরানোর জন্য উপজেলা আইন-শৃঙ্খলার মাসিক সভায় কয়েকবার বলার পরও প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। অনেক সময় ড্রাইভাররা স্কুলগামী ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াহ্ ইয়া খান বলেন, উপজেলার আশ-পাশে যানবাহনের স্ট্যান্ড নির্মাণের জন্য কোনো খাস জমি নেই। ব্যক্তিগতভাবে কেউ জমি দিতে আগ্রহী হলে সেই জায়গায় স্ট্যান্ড গড়ে তুলতে সহযোগিতা করবে প্রশাসন।

ইত্তেফাক/নূহু