মস্কোতে শ্রদ্ধায় বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৯:৫১
 
রাশিয়ার রাজধানী মস্কোতে শোক-শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোর একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার আয়োজক বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া।
 
সংগঠনের সভাপতি ড. শহীদুল হক শানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কল্লোল দাশ, সহ-সভাপতি ড. ইফতেখার আহমেদ, অমল ঢালী, সাংস্কৃতিক সম্পাদক মুরারী সরকার।
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজীব, গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক বারেক কায়সার ও সৌরভ এলাহী।। সভা পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মো. মহসীন। প্রবন্ধ পাঠ করেন প্রবাল বড়ুয়া। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেয়ার নীলনকশার অংশ হিসেবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঊষালগ্নে এসে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও বাঙালি জাতি যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। সে জন্যই চালানো হয়েছিল ইতিহাসের জঘন্যতম ও কলঙ্কিত বুদ্ধিজীবী নিধনযজ্ঞ।
 
আলোচকরা বলেন, এই ঘটনার মধ্য দিয়ে দেশকে শত বছর পিছিয়ে দেয়া হয়েছে। তবে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা আজও দেশে-বিদেশে সক্রিয়। তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
সভায় শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া প্রতি বছর দল-মত নির্বিশেষে রাশিয়া প্রবাসী সকল স্বাধীনতার সপক্ষের মানুষের অংশগ্রহণে দিবসটি পালন করে।
 
ইত্তেফাক/জামান