রিয়ালের শোচনীয় হার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৫৭

ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাব কঠিনভাবে টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। অন্তত গতকাল শনিবার এইবার এর মাঠে স্পানিশ লিগের খেলায় ৩-০ গোলের শোচনীয় হারটির পর। দূরের মাঠে ৬০ মিনিটের মধ্যেই তিন গোলে পিছিয়ে পড়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু ৬১ ভাগ সময় বল নিজেদের দখলে রেখেও কোনো গোল করতে পারেনি রিয়াল ।

রোনালদোর জুভেন্তাসে চলে যাওয়া ও সাম্প্রতিক সময়ে তাদের সফল কোচ জিনেদিন জিদান সরে দাঁড়ানোর পর কোচ হুলেন লোপেতেগুইয়ের অধীনে বাজে ভাবে মৌসুম শুরু হয় রিয়ালের। সাবেক স্পেন কোচ হুলেনকে বরখাস্তের পর রিয়াল মাদ্রিদ তাদের ‘বি’ দলের দায়িত্বে থাকা সান্তিয়াগো সোলারিকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়েছিল।

রিয়াল আর্জেন্টাইন এই কোচের অধীনে টানা চার খেলায় অপরাজিত থাকার পর তাকে স্থায়ী হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব লাভের পর এটাই ছিল তার প্রথম ম্যাচ। কিন্তু খেলার ফল ক্লাব ও কোচ কারো জন্যই সুখকর হলো না। করিম বেনজেমা ও গ্যারেথ বেল পুরো সময় খেলেও গোলশূন্য থাকেন। এইবার এর জন্য এটি স্মরণীয় জয়। কারণ লা লিগায় এই প্রথম রিয়ালের বিরুদ্ধে জয়ের মুখ দেখলো তারা। স্পানিশ লিগের খেলাটিতে জিতে এইবার ১৩তম স্থান থেকে উঠে এলো ছয় ধাপ উপরে। আগে থেকে ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঠিক পেছনে, এক পয়েন্টের ব্যবধানে।

স্বাগতিকরা কাল ১৬তম মিনিটেই পাল্টা আক্রমণে গঞ্জালো এসক্যালেন্তের গোলে এগিয়ে যায়। বিরতির পর্যন্ত তারা এই ব্যবধান ধরে রাখে। এরপর ৫২ ও ৫৭ মিনিটে সের্জি এনরিচ ও কিকের গোলে বিরল জয়টির দেখা পায় তারা।

পরিস্থিতি কাল এইবার এর এতটাই নিয়ন্ত্রণে ছিল যে, তারা প্রথম খেলোয়াড় বদল করে ৭৪ মিনিটে। তখন স্বাগতিকরা ৩-০ গোলে এগিয়ে। মাঠ ছাড়েন এক গোল দেয়া ও অপর একটিতে জোগান দেয়া এনরিচ, নামেন ব্রাজিলীয় চার্লস। একই সময়ে রিয়াল তিনজনকে বদলিয়েও পরিস্থিতির হেরফের ঘটাতে পারেনি।

স্পানিশ লিগে গত আট বছরে কোনো দল তিন গোলে পিছিয়ে পড়ার পর তা আর উল্টে দিতে পারেনি। সর্বশেষ ভিয়ারিয়াল ৩-০ তে পিছিয়ে পড়ার পরও ড্রয়ে সক্ষম হয়েছিল। ২০১০ সালের ১৫ মে’র ঘটনা এটি।

এদিকে গতকাল রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজ মাঠে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে আতিথ্য দেয়। খেলাটিতে জিততে পারলে স্পানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো। এর বিপরীত ফল হলে বার্সেলোনা আগের মতোই শীর্ষে থাকবে।

বার্সা ও অ্যাটলেটিকোর যে কোনো ফলই রিয়ালকে সুবিধা করে  দিত। কিন্তু ক্লাবটি নিজেদের খেলায় জিততে না পারায় সে সুযোগ বেশি কাজে লাগবে না।