বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম নতুন আঙ্গিকে নিয়ে এসেছে বিক্রয়জবস- বাংলাদেশের প্রথম জব সাইট যা নিয়োগকারীদের জন্য একটি সাশ্রয়ী ও পরিপূর্ণ সেবা নিশ্চিত করবে এবং বিশেষভাবে পার্ট-টাইম, এন্ট্রি লেভেল এবং তরুণ শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়তা করবে। বিক্রয়জবস একটি স্বতন্ত্র পরিচয়ের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করবে। চাকরির বাজার নিয়ে বিক্রয়-এর এক গবেষণায় উঠে এসেছে যে, খালি পদ দ্রুত পূরণ করা বাংলাদেশের কর্মক্ষম জনশক্তি ও নিয়োাগকর্তাদের পক্ষে বেশ চ্যালেঞ্জিং এবং এর প্রতিটি পদে জড়িয়ে আছে ব্যাপক খরচ। বিক্রয়জবস-এর লক্ষ্য হচ্ছে চাকরি প্রার্থীদের পছন্দের চাকরি খুঁজে নেওয়ার ক্ষেত্রে এবং প্রার্থীদের একটি বিশাল পুল তৈরির মাধ্যমে নিয়োগকারীদের যোগ্য প্রতিভা খোঁজার জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এ বিষয়ে বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন বলেন, ‘বর্তমানে বিভিন্ন নতুন ইন্ডাস্ট্রি প্রবর্তনের মাধ্যমে বিভিন্ন পদে নিত্যনতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশে এত তরুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও, নিয়োগকারীদের প্রত্যাশিত কর্মী নিয়োগ এবং দক্ষ প্রার্থীদের উপযুক্ত পদে চাকরি—এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য এখনও বিদ্যমান। আমাদের প্ল্যাটফর্মটিতে চাকরি প্রার্থীদের জন্য দক্ষতার ভিত্তিতে বিভিন্ন কাজের অফার রয়েছে এবং ৪,৫০,০০০+ মাসিক ইউনিক ভিজিটরের সাথে আমাদের কাছে আবেদনকারীদের ৪,০০,০০০+ সিভি ডাটাবেজ রয়েছে যেখান থেকে আমাদের সম্মানিত মেম্বাররা তাদের পছন্দসই প্রার্থী খুঁজে পেতে পারেন।
