যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মিলন (২৭) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহত মিলন ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকার আলমগীর হোসেনের ছেলে। শনিবার দুপুরে ঝিকরগাছার কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, শনিবার দুপুরে আওয়ামী লীগ কর্মী মিলন নিজ বাড়ি কাটাখাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানিয়েছেন, মিলন হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা শনাক্ত ও জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
ইত্তেফাক/এমআই
