মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে 'জয় বাংলা' শ্লোগান দিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী কর্নেল আজিজ পাশার ভাই আলম পাশার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
আজিজ পাশার ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলমগীর পাশা জানান, তার বাড়ীর ঘরে বসে তিনি রেডিওতে খবর শুনছিলেন। এ সময় আকম্মিক ৩০/৪০ টি মোটর সাইকেলযোগে অজ্ঞাত পরিচয় কিছু লোক তার বাড়িতে প্রবেশ করে। এরপর ইটপাটকেল নিক্ষেপ, ঘরের আসবাবপত্র ভাংচুর এবং একটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় তারা।
IMG0
আলমগীর পাশা বলেন, ভয়ে তিনি ঘরের দোতলার দরজা জানালা বন্ধ করে রাখেন। ভাংচুরের শব্দে এলাকায়ও আতংক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা চলে যাওয়ার পর এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শী আমিনুর রহমান জানান, আলম পাশার বাড়িতে প্রবেশের আগে ও পরে জয়বাংলা শ্লোগান দেয় হামলাকারীরা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে ২০১০ সালেও বাড়িটিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে ছিল।
ইত্তেফাক/নূহু
