সড়ক দুর্ঘটনা বাংলাদেশে নিত্যনৈমিত্তিক একটি বিষয়ে পরিণত হয়েছে। পত্রিকার পাতা খুললেই দুর্ঘটনার সংবাদ, যে কোনো গণমাধ্যমে চোখ রাখলেই সড়ক দুর্ঘটনার সংবাদ দেখা যায়। এই সড়ক দুর্ঘটনায় অসংখ্য তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো দ্রুতগতিসম্পন্ন ও প্রতিযোগিতামূলক যান চলাচল। এই যান চালকরাই বেপরোয়া। অতিরিক্ত গতিতে যান চলাচলের কারণে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। অস্বাভাবিক হারে এটা বেড়ে চলেছে। বেপরোয়া চালকদের লাগাম টেনে ধরতে না পারলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব নয়। এজন্য সড়কগুলোতে গতি নির্দেশক বড় বড় সাইনবোর্ড বসাতে হবে। স্পিড মাপার মেশিন বসানোর ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত স্পিডে চালানো গাড়ির চালকদের তাত্ক্ষণিক জরিমানার ব্যবস্থা করতে হবে। পরিশেষে, জনসাধারণের জন্য নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজিনুর রহমান লিমন
আছানধনী মিয়া পাড়া, চাপানী হাট,
ডিমলা, নীলফামারী
