উৎসাহ-উদ্দীপনায় গ্রিসে বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৫
 
বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং যথাযথ মর্যাদায় গ্রিসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এ সময় এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 
IMG0
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাস প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী-পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
 
IMG1
 
আলোচনা পর্বে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের রূপকল্প ২০২১ ও ২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করার আহ্বান জানান।
 
IMG2
 
স্থানীয় শিল্পী, শিশু-কিশোর, দূতাবাস পরিবার, দোয়েল একাডেমি এবং দোয়েল সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/জামান