ভাগিনার লাথিতে মামা'র মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:১৮
 
কক্সবাজারের মহেশখালীতে ভাগিনার লাথিতে এক মামার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০টায়।
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ছোট মহেশখালী উত্তরকুল গ্রামের কালা মনুর ছেলে মৌলভী মোজাম্মেল পারিবারিক কলহ নিয়ে তার মা ও বাবাকে মারধর করে। বিষয়টি নিয়ে মোজাম্মেলের বাবা আপন মামা সাবেক মেম্বার ঈসমাইলকে (৭০) বিচার দেয়। তাদের পারিবারিক বিষয় নিষ্পত্তি করার লক্ষে তার মামা ও স্থানীয় চেয়ারম্যান জিহাদ বিন আলী সকালে মোজাম্মেলকে ডাকতে পাঠায় তাতে মোজাম্মেল ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের উপর চড়াও হয়।
 
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, একপর্যায় ওই চেয়ারম্যানকে মুখে ঘুষি মেরে রক্তাক্ত করে মোজাম্মেল। মামা ঈসমাইল মারধরের দৃশ্য দেখে ভাগিনা মোজাম্মেলকে গালমন্দ করে পাঞ্জাবীর কালার ধরে চড় মারে। এ সময় মোজাম্মেল মামা ঈসমাইলকে লাথি মারলে ঘটনাস্থলে মাটিতে ঢলে পড়ে।প্রতিবেশী লোকজন দ্রুত ইসমাইলকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/জামান